বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও অতিরিক্ত কঠিন প্রশ্ন থাকার অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছেন চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে চাঁদপুর বাসস্ট্যান্ড মোড়ে প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে ফার্মের মুরগি’ এবং ‘আপস না, সংগ্রাম-সংগ্রাম, সংগ্রাম’ এবং ভুয়া ভুয়াসহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় তারা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। পাশাপাশি পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং অস্বাভাবিক কঠিন প্রশ্ন থাকায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিন্ন প্রশ্নপত্রও আগের বছরের তুলনায় অনেক কঠিন ছিল বলে দাবি করেন তারা।
আরও পড়ুন
পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী
ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জুনায়েদ বলেন, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের কথা মোটেও বিবেচনা করেননি। তিনি নিজের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা নিয়েছেন। একই প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটি বাস্তবায়ন হয়নি। এখন আমরা যদি ফেল করি, এর দায় কি শিক্ষামন্ত্রী নেবেন?
আরেক শিক্ষার্থী তাহসিন সিদ্দিকী বলেন, একটাই দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি শিক্ষার্থীদের জন্য কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেননি। আমরা চাই না তার কারণে আর কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হোক।
এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেকে যানবাহন থেকে নেমে হেঁটে নিজ নিজ গন্তব্যে রওনা দেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীরা এক ঘণ্টারও কম সময় সড়কের একপাশে অবস্থান করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাময়িক যানজট সৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
শরীফুল ইসলাম/এসজেডএইচ/জেআইএম








