শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আবারও রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে দ্বিতীয় দফায় সড়ক অবরোধের চেষ্টা করেছেন। এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) পুলিশি তাদের সরিয়ে দেওয়ার পর আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য সংসদ ভবনের ভেতরে যায়। তবে, প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেও তারা কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেননি এবং কোনো আশ্বাস পাননি বলে দাবি করেন।

পরে প্রতিনিধিদল বাইরে এসে অন্য শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলে তারা আবারও সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নেন এবং ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধের চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

একজন আন্দোলনকারী বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের ইতিবাচক সাড়া দেওয়া হয়নি। আমাদের বলা হয়েছিল কথা বলা হবে, কিন্তু কেউ কথা বলেননি। তাই আমরা আবার রাজপথে নেমেছি।

শিক্ষার্থীরা জানান, তাদের পরদিন পরীক্ষা থাকলেও বর্তমান পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও তারা উল্লেখ করেন।

এদিকে, আন্দোলনকারী এক ছাত্রী অভিযোগ করেন, পুলিশ লাঠিচার্জের সময় নারী পুলিশ সদস্য না থাকলেও পুরুষ পুলিশ সদস্যরা ছিলেন। আমরা মেয়েরা সামনে ছিলাম।

jagonews24.com

এ শিক্ষার্থী অভিযোগ করেন, এ সময় তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। তবে, এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিন সন্ধ্যার পরও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান করছিলেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা পুনরায় সড়কে নেমেছেন। পরিস্থিতি বিবেচনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এমইউ/এএমএ