সোশ্যাল মিডিয়াজুড়ে বিউটি টিউটোরিয়ালের ছড়াছড়ির আগের সময়ে নির্ভরযোগ্য স্কিনকেয়ার পরামর্শ খুঁজে পাওয়া ছিল কঠিন। অন্যদিকে ইন্টারনেটে পাওয়া অধিকাংশ তথ্যই ছিল ইংরেজিতে, যা বেশিরভাগ সময় দেশের আবহাওয়া, জীবনযাপন কিংবা ত্বকের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। অন্যদিকে, দেশীয় বাজারও ছিল নানা অনিশ্চয়তায় ভরা। নকল পণ্যের আধিক্য ছিল। এছাড়া কোন পণ্যটি ত্বকের জন্য উপযুক্ত, সে বিষয়ে গ্রাহকদের জন্য বিশ্বাসযোগ্য কোনো দিকনির্দেশনাও ছিল না।
সাজগোজ নিছক পণ্য বিক্রি করার উদ্দেশ্যে নয়, বরং গ্রাহকদের মধ্যে আস্থা তৈরি করারই ছিল মূল লক্ষ্য। ইনোভেশন ফর এ সাসটেইনেবল ফিউচার : সিলেক্টেড কেসেস ২০২৪-এ প্রকাশিত এম সাঈদ আলম, কোহিনুর বিশ্বাস এবং বুশরা হুমায়রা এশা রচিত একটি কেস স্টাডি অনুযায়ী, ২০১৩ সালে সিনথিয়া শারমিন ইসলাম, নাজমুল শেখ এবং মিল্কি মাহমুদ সাজগোজ নামের এ প্রতিষ্ঠানটি শুরু করেন। প্রথমদিকে সাজগোজ বাংলায় সৌন্দর্য আর ত্বকের যত্ন নিয়ে তথ্যভিত্তিক লেখা তৈরি করত। পরে এতে যুক্ত হয় প্রবন্ধ, টিউটোরিয়াল আর প্রোডাক্ট ব্যবহার করার সঠিক পদ্ধতি নিয়ে লেখা। সাজগোজ বদলে দেয় মানুষের বিউটি ও স্কিনকেয়ার নিয়ে ভাবনা। মানুষের ত্বকের জন্য কোনটি নিরাপদ, উপযোগী এবং এর ব্যবহার নিয়ে সাজগোজ শুধু ওয়েবসাইট নয়, বরং সচেতন গ্রাহকদের জন্য এক নির্ভরযোগ্য পরামর্শদাতা। ফলে দেশের আবহাওয়া, সংস্কৃতি ও মানুষের দৈনন্দিন বাস্তবতাকে তুলে ধরায় তাদের কনটেন্ট হয়ে ওঠে আরও প্রাসঙ্গিক। ফলে গড়ে ওঠে সক্রিয় কমিউনিটিও। বর্তমানে সাজগোজকে পূর্ণাঙ্গ কনটেন্টনির্ভর ই-কমার্স প্ল্যাটফর্ম বলা চলে। তবে একথাও সত্যি, বিশ্বাসযোগ্যতাই প্রধান বৈশিষ্ট্য। বিজ্ঞাপন ও নানা মতামতের ভিড়ে সাজগোজ নিজেকে কেবল বিক্রয়মাধ্যম নয়, বরং নির্ভরযোগ্য পরামর্শদাতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে। মানুষ যখন জ্ঞানের ওপর আস্থা স্থাপন করে, তখন ব্যবসায় বিশ্বাস করতে শুরু করে। সেই বিশ্বাস থেকে লেনদেন বৃদ্ধি পায়। সাজগোজের গল্পটি শুধু বিউটি পণ্য নিয়ে নয়, এটি একটি সত্যের প্রতিফলন।








