সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা হাইওয়ে থানা এলাকার ব্র্যাক অফিসের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জিহাদ সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। পরিবারের অভিযোগ, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অথবা পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোবাইলের কোন খোঁজ নেই।
স্বজনরা জানান, ওইদিন বিকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে সন্ধ্যার পর বাবাকে আনতে বাড়ি থেকে বের হয় জিহাদ। রাত হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক অনন্ত কুমার তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। নিহতের বাবা আজগর আলী বলেন, ‘মাগরিবের পর ছেলে আমাকে আনতে বের হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পাই। তার মোবাইল ফোনটিও পাওয়া যায়নি। এটি ছিনতাইকারীদের কাজ, নাকি পরিকল্পিত হত্যা তা তদন্তেই বেরিয়ে আসবে। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।








