ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছেন দুই গ্রামবাসী। সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সূর্যকান্দি গ্রামের মোশারফ মিয়া পাশের ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে রোববার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. খাদিম নামে একজন নিহত হন। এ ঘটনার জেরে সোমবার বিকালে খাদিমের জানাজা নামাজের পরে আবারও সংঘর্ষে জড়ান দুই গ্রামের লোকজন। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার চোখে ঢিল পড়ে তিনি আহত হন।

ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, অতিরিক্ত পুলিশ চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।