রংপুরের গঙ্গাচড়ায় দাওয়াতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যুর পর মারা গেছে চিকিৎসাধীন নাতি বন্ধন চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২ জুলাই) দিনগত রাত ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বন্ধন।

এর আগে ওই দিন দুপুর দুইটার দিকে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, নির্মল চন্দ্র রায় (৭৫), তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় (৩৫) এবং সাড়ে পাঁচ বছর বয়সি নাতি বন্ধন চন্দ্র রায় মিলে মোটরসাইকেলে করে বড়াইবাড়ি তুলশীহাটে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মন্থনা জুট মিলের সামনের কাছে পৌঁছালে বেপরোয়া একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে প্রশান্ত চন্দ্র রায় ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় নির্মল চন্দ্র রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত বন্ধন চন্দ্রকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় মারা যায় সে।

গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু বলেন, নির্মল চন্দ্র সরকার ও তার ছেলে প্রশান্ত স্থানীয়ভাবে পরিচিত ও সেবাপরায়ণ মানুষ ছিলেন। দুপুরে বাবা ও ছেলের মৃত্যুর পর শিশুটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থেকে রাত ১২ টার দিকে মারা যায়। একটি পরিবারের তিন প্রজন্মের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, দুর্ঘটনার পর থেকে ট্রাক রেখে চালক পলাতক আছেন। তবে তাকে আটকের চেষ্টা চলছে। ট্রাকটি থানায় নেওয়া হয়েছে।

জিতু কবীর/এসজেডএইচ/জেআইএম