দীর্ঘ ৩০ বছরের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে জামালপুর পৌর শহরের গেটপাড় এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। একপর্যায়ে মাগরিবের নামাজের সময় হওয়ায় আন্দোলনকারীরা রেললাইনের ওপরই জামাতে নামাজ আদায় করেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার গেটপাড়-ফকিরপাড়া এলাকার শতাধিক নারী-পুরুষ সড়ক ও রেলপথে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
এসময় ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন আটকে পড়ায় যাত্রীসহ সাধারণ মানুষের মধ্যে ভোগান্তির সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, প্রায় তিন দশক ধরে গেটপাড় এলাকার জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, বসতবাড়ি ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অবরোধকারীদের অভিযোগ, জলাবদ্ধতার বিষয়টি বহুবার পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে দাবি উপেক্ষিত হওয়ায় বাধ্য হয়ে তারা সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করছেন। দ্রুত স্থায়ী সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
অবরোধ চলাকালে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে আটকে পড়ে। মাগরিবের আজান হলে আন্দোলনকারীরা রেললাইনের ওপরই জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে আবারও তারা কর্মসূচি চালিয়ে যান।
জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হৃদয় আহম্মেদ/এসজেডএইচ/জেআইএম








