রাজধানী ঢাকায় ভারী বর্ষণে সৃষ্ট জলজট নিরসন এবং উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক সচল রাখতে মাঠপর্যায়ে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ইমারজেন্সি রেসপন্স টিম। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে আজ সর্বশেষ ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। এ পরিস্থিতিতে আজ সারাদিন ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ​অব্যাহত ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্ট জলজট দ্রুত নিরসনে কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির পাম্পের মাধ্যমে এরই মধ্যে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া রাস্তা থেকে পানি নিষ্কাশনের মুখগুলো পরিষ্কার রাখতে ডিএসসিসির ইমারজেন্সি রেসপন্স টিম ভোর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

বৃষ্টিতে ডুবল সচিবালয়ও, পানি মাড়িয়ে অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা

​এদিকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান।

jagonews24

তিনি নিজে হাঁটুপানিতে দাঁড়িয়ে থেকে কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সড়ক থেকে দ্রুত গাছ অপসারণের কাজ তদারকি করেন। দুপুর ১টার দিকে সড়ক থেকে গাছটি সম্পূর্ণ অপসারণের পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

ইডেন কলেজের সামনে গাছ উপড়ে সড়ক বন্ধ

​ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ‘টানা ভারী বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও আমাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে মাঠে রয়েছেন। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

তিনি যে কোনো পরিস্থিতিতে নাগরিকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে একসঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সবসময়ই আপনার পাশে রয়েছে।’

এমএমএ/বিএ