বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সারা দেশের সব হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সঙ্গে আগামী ১৭ আগস্টের মধ্যে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

অধিদফতরের চিঠিতে বলা হয়েছে, আগামী ১৭ আগস্ট ২০২৬ বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম ও কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা নিয়মিত করতে ছয়টি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ডেঙ্গু: অধিক ঝুঁকিতে ৪ জেলা-ঢাকার ২৭ ওয়ার্ড

নির্দেশনাগুলো হলো—

সার্বক্ষণিক পরিচ্ছন্নতা: সব প্রতিষ্ঠানের প্রধান নিজ দায়িত্বে নিজ নিজ হাসপাতাল সার্বক্ষণিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

নিয়মিত মনিটরিং: ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের অধীনস্থ হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত তদারকি করবেন।

শনিবারের বিশেষ অভিযান: মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকেরা প্রতি শনিবার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।

jagonews24

বিভাগীয় পরিচালকদের পরিদর্শন: প্রত্যেক বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) নির্ধারিত তালিকা অনুযায়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে ছবিসহ একটি প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।

সিভিল সার্জনদের দায়িত্ব: প্রতিটি জেলার সিভিল সার্জন মাসের প্রতি শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং ছবিসহ পরিদর্শন প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন।

বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক: আগামী ১৭ আগস্ট ২০২৬-এর মধ্যে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা মেশিন সচল করে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হাসপাতালের পরিবেশের গুণগত মান উন্নয়ন এবং সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতেই সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে এ বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

এসইউজে/এসএইচএস