শরীর ও মন একে অপরের অবিচ্ছেদ্য অংশ। আবার আমাদের শরীর ও মন ভালো রাখতে সুষম খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার বিকল্প নেই। রাজধানী ঢাকায় মানুষের তুলনায় পর্যাপ্ত খেলার মাঠ বা পার্কের অভাব রয়েছে। এছাড়া যে খেলার মাঠ বা পার্ক রয়েছে, সেগুলোও অপরিকল্পিত নগরায়ণের ফলে কংক্রিটের তৈরি উঁচু উঁচু ভবনের মাঝে বিলীন হয়ে যাচ্ছে। ফলে রাজধানীর স্বাস্থ্যসচেতন মানুষ ছুটছে ব্যক্তিগত মালিকানাধীন ব্যায়ামাগারের দিকে; কিন্তু এসব ব্যায়ামাগারে রয়েছে নানা সমস্যা। যেমন, চাহিদার তুলনায় কম ব্যায়ামাগার, নিয়মিত শরীরচর্চা করতে অর্থ খরচের বিষয়; যে অর্থ খরচ শহরের অনেক বাসিন্দার আয়ত্তের বাইরে। অথচ রাজধানীতে রয়েছে বেশ কয়েকটি সরকারি ব্যায়ামাগার। কিন্তু এ ব্যায়ামাগারগুলো তদারকির অভাবে এখন বেহাল।

তাই কর্তৃপক্ষের কাছে দাবি, রাজধানীর সরকারি ব্যায়ামাগারগুলোয় পুরোনো অচল সরঞ্জাম বদলে আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করে শহরের বাসিন্দাদের শরীরচর্চার জন্য যথাযথ ব্যবস্থা করে দিন।

শেখ আবদুল্লাহ, শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ