সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতা প্রদান, শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মহাসড়ক অবরোধ করেন একটি তালা তৈরির কারখানার শ্রমিকেরা।

আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত উপজেলার নবগ্রাম এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের সংযোগ উথলী-পাটুরিয়া মহাসড়কের এ কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যাত্রীদের দুর্ভোগ হয়।

শ্রমিকদের অভিযোগ, গত ৭ এপ্রিল ন্যূনতম মজুরি নির্ধারণ করে সরকারি গেজেট প্রকাশিত হলেও কারখানা কর্তৃপক্ষ এখনো তা কার্যকর করেনি। বেতন-ভাতা বাড়ানোর দাবি জানানোয় কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার দুর্ব্যবহারের অভিযোগও তোলেন তাঁরা।

কয়েকজন শ্রমিক জানান, কারখানার মালিকপক্ষ সরকারি গেজেট অবজ্ঞা করে আগের বেতন-ভাতা দিয়ে আসছে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বাড়লেও তাঁদের মজুরি সমন্বয় করা হয়নি। বেতন-ভাতার দাবি জানানো হলে উল্টো কয়েকজন শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে।

শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নবগ্রাম এলাকায় এক চীনা নাগরিকের মালিকানাধীন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় চার শতাধিক শ্রমিক কাজ করেন। আজ সকালে তিন শতাধিক শ্রমিক কারখানা থেকে বের হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

অবরোধের কারণে পাটুরিয়া ফেরিঘাটমুখী ও ঢাকামুখী বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। অনেক যাত্রী যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সাবরিনা চৌধুরী এবং শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থলে যান। প্রশাসনের সঙ্গে আলোচনার পর বেলা পৌনে একটার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে মহাসড়কের পাশে অবস্থান নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল মামুন হোসেন বলেন, বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে।

ওসি আমিনুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত বেতন-ভাতার দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। দাবি নিয়ে আলোচনার আশ্বাসে তাঁরা সড়ক ছেড়ে দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক।

ইউএনও মনিষা রানী কর্মকার বলেন, বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে।