সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য (এনএস-১) পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার পর ইতোমধ্যে দেশের সরকারি হাসপাতালগুলোতে এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে। রোববার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. মইনুল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার থেকে সরকারি হাসপাতালে বিনামূল্যে এনএস-১ পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা কোনো ধরনের ফি ছাড়াই এনএস-১ পরীক্ষা করাতে পারবেন। এর মাধ্যমে দ্রুত রোগ শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
দেশে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রোগ নির্ণয় সহজ ও দ্রুত করতে সরকার এ উদ্যোগ নিয়েছে।






