চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আলাউদ্দিন (৩৬) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার পথে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে অর্থনৈতিক অঞ্চলের সড়কের আবুতোরাব এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে আহত হন আলাউদ্দিন। পরে তাকে উদ্ধার করে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভ্রা দাশ বলেন, ‘দুপুরে সড়ক দুর্ঘটনায় শিকার এক আনসার কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে। এখানে আনার আগেই তার মৃত্যু হয়।’
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, তদন্তের কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত হয়।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
এম মাঈন উদ্দিন/এসআর








