‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার ও নবাবগঞ্জ এবং নওগাঁর আত্রাই ও সাপাহারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল সোমবার আলোচনা সভা, র‍্যালি, কৃষি প্রণোদনা, ঋণ ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়।দোহার ও নবাবগঞ্জ (ঢাকা):দোহার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, ‘আমাদের কুটির শিল্পকে আবার জাগিয়ে তুলতে হবে। দেশটাকে উন্নয়নের শিখরে নিতে গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়ন জরুরি।’ দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়। এর আগে সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদে একই সংসদ সদস্যের উপস্থিতিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আত্রাই (নওগাঁ):আত্রাইয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। তিনি ৩ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা, ৫৪ বান্ডিল ঢেউ টিন এবং ২ হাজার ৫০৬ জন কৃষকের মাঝে বীজ ও সারসহ কৃষি প্রণোদনা বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সাপাহার (নওগাঁ):সাপাহারে উপজেলা প্রশাসন ও বিআরডিবির যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রোমানা রিয়াজ। সভায় বক্তারা গ্রামীণ উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে সুফলভোগীদের মাঝে ঋণ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়।/