সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে সারওয়ার আলমকে সরানোর এক সপ্তাহ বাদে সেই পদে দায়িত্ব পেলেন মু. রেজা হাসান। এতদিন কুমিল্লার জেলা প্রশাসকের দায়িত্বে থাকা রেজাকে বদলি করা হলো। ঢাকার বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞা। এছাড়া কুমিল্লা জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতদিন ঢাকার বিভাগীয় কমিশনার ছিলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ১৭ জুন তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়। এছাড়া কুমিল্লায় নতুন ডিসি হিসাবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতার। আর কুমিল্লার মু. রেজা হাসানকে সিলেটের ডিসি পদে বদলি করা হয়েছে। এর আগে ২১ জুন সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। আলোচিত ডিসি সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে।

সারওয়ারকে পুনর্বহাল নিয়ে গুজব : বিদায়ী জেলা প্রশাসককে পুনরায় সিলেটে পুনর্বহালের জোর গুজবের অবসান ঘটিয়ে অবশেষে সিলেটের নতুন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান। এরমধ্যে গত কয়েকদিন ধরে, বিশেষ করে শনিবার রাতভর ফেসবুকে গুজব ছড়ানো হয় যে বিদায়ী ডিসি সারওয়ার আলমকে খোদ প্রধানমন্ত্রীর নির্দেশে পুনরায় সিলেটে পুনর্বহাল করা হয়েছে। ব্যাপক আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এ মুখরোচক অপপ্রচারের মধ্যেই সরকার নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করল।