সরাসরি ভিডিও বা লাইভস্ট্রিম পরিচালনা আরও সহজ করতে নতুন একটি সেবা চালু করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। ‘লাইভ স্টুডিও’ নামের এ সেবার মাধ্যমে নির্মাতারা একই জায়গা থেকে সরাসরি সম্প্রচার পরিচালনা, চ্যাট নিয়ন্ত্রণ ও দর্শকসংক্রান্ত তথ্য দেখতে পারবেন। নতুন এ উদ্যোগের মাধ্যমে টুইচ ও ইউটিউবের মতো জনপ্রিয় লাইভস্ট্রিমিং মাধ্যমগুলোর সঙ্গে প্রতিযোগিতা আরও জোরদার করতে চায় এক্স।
গত বুধবার এক্সের পণ্য বিভাগের প্রধান নিকিতা বিয়ার নতুন সেবাটির ঘোষণা দেন। তিনি জানান, লাইভ স্টুডিও কনটেন্ট নির্মাতাদের জন্য একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে তাঁরা সহজে লাইভস্ট্রিম পরিচালনা করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী সম্প্রচারের বিভিন্ন সেটিংস পরিবর্তন করতে পারবেন। উদাহরণ হিসেবে তিনি শুধু গ্রাহকদের জন্য চ্যাট সুবিধা চালুর বিষয়টি উল্লেখ করেছেন। ঘোষণার সঙ্গে প্রকাশিত একটি ভিডিওতে দেখানো হয়েছে, কীভাবে ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি সরাসরি সম্প্রচার লাইভ স্টুডিওর মাধ্যমে পরিচালনা করা যেতে পারে।
লাইভ স্টুডিও চালু হলে এক্সের বর্তমান ‘মিডিয়া স্টুডিও প্রডিউসার’ সেবার পরিবর্তে এটি ব্যবহার করা হবে। সেবাটি এক্সের ‘ক্রিয়েটর স্টুডিও’র অংশ। মাসে ৩ মার্কিন ডলার ব্যয় করে এক্সের প্রিমিয়াম সেবার গ্রাহকেরা এখান থেকে নিজেদের কনটেন্ট পরিচালনা ও বিভিন্ন বিশ্লেষণধর্মী তথ্য দেখতে পারবেন। নতুন এ প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্মাতারা সরাসরি সম্প্রচার শুরু করতে পারবেন, ব্যক্তিগত পরীক্ষামূলক স্ট্রিম তৈরি করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের জন্য সম্প্রচার নির্ধারণ করতে পারবেন। এ ছাড়া ‘রিয়েল-টাইম মেসেজিং প্রটোকল’ (আরটিএমপি) প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার ও পেশাদার টুল ব্যবহার করে সম্প্রচার পরিচালনার সুযোগও থাকবে। লাইভ সম্প্রচারের সময় দর্শকসংখ্যা ও অন্যান্য তথ্য তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে। লাইভ স্টুডিও ব্যবহারের জন্য নিজেদের ওয়েবসাইটে একটি বিস্তারিত নির্দেশিকাও প্রকাশ করেছে এক্স। সেখানে লাইভস্ট্রিম শুরুর আগে এবং সম্প্রচার চলাকালে চ্যাট নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়েছে। ফলে নির্মাতারা চাইলে শুধু সাবস্ক্রাইবার গ্রাহকদের জন্য চ্যাটের সুযোগ সীমিত রাখতে পারবেন, আবার সেটি সবার জন্যও উন্মুক্ত রাখতে পারবেন।
তবে আপাতত বিশ্বের সব অঞ্চলে চালু হচ্ছে না লাইভ স্টুডিও। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, ওরেগন ও ক্যালিফোর্নিয়ায় সেবাটি চালু করা হয়েছে। এ ছাড়া সিডনি, সিউল, মুম্বাই, সিঙ্গাপুর, প্যারিস, সাও পাওলো, ফ্রাঙ্কফুর্ট, ডাবলিন ও টোকিওর ব্যবহারকারীরাও এ সুবিধা পাবেন। কনটেন্ট নির্মাতাদের লাইভস্ট্রিমে উৎসাহিত করতে আর্থিক প্রণোদনার ঘোষণাও দিয়েছে এক্স। নিকিতা বিয়ার জানিয়েছেন, আগামী পর্বে লাইভস্ট্রিম করা নির্মাতাদের জন্য ১০ লাখ মার্কিন ডলার বরাদ্দ রাখা হবে। তবে এ অর্থ কীভাবে বিতরণ করা হবে, সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। পরে এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সূত্র: ম্যাশেবল








