শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৮৭ নম্বর আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করার অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (৫ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ঘটনার তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী আইন, ২০১৮ অনুযায়ী সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য গ্রহণ, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পর্যালোচনা করে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগের প্রাথমিক সত্যতা খুঁজে পায়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা, অসদাচরণ কিংবা শৃঙ্খলাভঙ্গের সুযোগ নেই। শিক্ষক সমাজের মর্যাদা ও শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দ্রুত ও নিরপেক্ষভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে আনার জন্য গণমাধ্যমকর্মীরা প্রশংসার দাবিদার। গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে দ্রুত তদন্ত পরিচালনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, সহিংসতা ও দুর্নীতির ঘটনা তুলে ধরতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

The post শরীয়তপুরে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় সেই সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত appeared first on ZoomBangla.