লালমনিরহাটের পাটগ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎবাবার বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম থানায় মামলা করেছেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত সৎবাবা সেলিম হোসেন (৩৫) পলাতক রয়েছেন।

গতকাল বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম ওই এলাকার মজিবর রহমানের ছেলে। কিশোরী লালমনিরহাট সদর উপজেলার একটি এতিমখানা মাদ্রাসায় আরবি পড়ত।

মামলার বাদী ও কিশোরীর মায়ের অভিযোগ, গতকাল বুধবার কিশোরী মেয়েকে মামার বাড়ি বেড়াতে নিয়ে যান সেলিম। সেখানে খাওয়া-দাওয়ার পর বাড়ি ফেরার পথে মেয়েকে একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত সৎবাবা। এরপর মেয়েটিকে সড়কে ফেলে যান।

উপায়ন্তর না পেয়ে কিশোরী স্থানীয় এক জনপ্রতিনিধির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পাটগ্রাম থানা-পুলিশ গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এরপর আজ বৃহস্পতিবার সকালে পাটগ্রাম থানা-পুলিশ ভুক্তভোগী কিশোরীকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে অভিযুক্ত সেলিম ইসলাম পলাতক ও মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।