সাটুরিয়ার হরগজ বেপারীপাড়া এলাকায় গৃহবধূ সুফিয়া বেগম (৪২)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বঁটি উদ্ধারের পাশাপাশি লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়ায় ঘটনাটি ঘিরে রহস্য দানা বেঁধেছে। এ ঘটনায় নিহতের স্বামী ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে হরগজ বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতের ভাই থানা পুলিশকে খবর দিয়ে অভিযোগ করেন, তার বোনকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহালে নিহতের হাতে ও পেটে কাটা দাগ দেখা যায়। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বঁটি উদ্ধার করা হয়েছে। এসব আলামতকে গুরুত্ব দিয়ে পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে। পুলিশ জানায়, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামী ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সাটুরিয়ার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।








