ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের অভিযানের জেরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছেন আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করে তিনি বলেছেন, এই দেশ মোদীর বাবার নয়, এটি ১৪০ কোটি ভারতীয়ের।
মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ সম্মেলনে কেজরিওয়াল দাবি করেন, আগের দিনের বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর করার প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশ। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।
কেজরিওয়াল বলেন, মোদীজি, মানুষকে ভয় দেখানো বন্ধ করুন। এই দেশের মানুষ স্বৈরাচারকে কীভাবে জবাব দিতে হয়, তা ইতিহাসে বহুবার দেখিয়েছে। আবারও প্রয়োজন হলে তার ব্যতিক্রম হবে না।
তিনি অভিযোগ করেন, দিল্লিতে শিক্ষার্থী ও তরুণদের ওপর যে ধরনের পুলিশি অভিযান চালানো হয়েছে, তা ভারতের ইতিহাসে নজিরবিহীন। তার ভাষায়, নিজেদের দেশের সন্তানদের ওপর যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, এমন ঘটনা ব্রিটিশ শাসনামলেও খুব কম দেখা গেছে।
কেজরিওয়াল আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, কয়েকজন শিক্ষার্থী ও তরুণী হাতজোড় করে পুলিশের কাছে অনুরোধ করলেও তাদের ওপর লাঠিচার্জ চালানো হয়েছে। কোথাও আবার কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে বসে থাকা শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, বহু শিক্ষার্থীকে আটক করে তাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দেওয়া হচ্ছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের খুঁজে পাচ্ছেন না বলেও অভিযোগ করেন কেজরিওয়াল। তার ভাষায়, “অনেক বাবা-মা কাঁদতে কাঁদতে বলছেন, পুলিশ তাদের সন্তানদের কোথায় নিয়ে গেছে, সেটিও জানানো হচ্ছে না।
আন্দোলনকারীদের আইনি সহায়তার আশ্বাস দিয়ে কেজরিওয়াল জানান, আম আদমি পার্টি একটি বিশেষ আইনি টিম গঠন করেছে। প্রয়োজন হলে দেশের শীর্ষ আইনজীবীদের মাধ্যমে আটক শিক্ষার্থী ও আন্দোলনকারীদের পক্ষে আদালতে লড়াই করা হবে।
তিনি বলেন, শিক্ষার্থী ও তাদের পরিবারকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা তাদের পাশে আছি। এই দেশের মানুষ হুমকিতে ভয় পায় না। দেশের ১৪০ কোটি মানুষ একসঙ্গে রয়েছে।
এদিকে, দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভ ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিরোধী দলগুলো পুলিশের কঠোর অবস্থানের সমালোচনা করলেও কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এমএসএম








