স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অদিতি শর্মা। থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে গত ৩১ জুলাই পুলিশ একটি এফআইআর দায়ের করেছে।
আরও পড়ুন
৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা দিলেন তিশা
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্তরা হলেন অদিতির স্বামী অভিনীত বিদ্যানন্দ কৌশিক, শাশুড়ি উর্মিলা কৌশিক এবং ননদ কীর্তি কৌশিক। বর্তমানে মামলাটির তদন্ত করছে গোরেগাঁও থানার পুলিশ।
এফআইআরে অদিতি অভিযোগ করেন, বিয়ের সময় পাওয়া স্বর্ণের চেইন, আংটি, হীরার আংটিসহ মূল্যবান গয়না তার শাশুড়ি নিজের কাছে রেখে দেন। একাধিকবার ফেরত চাইলেও সেগুলো তাকে দেওয়া হয়নি।
অভিনেত্রীর ভাষ্য, ২০২১ সালে একটি অনলাইন অভিনয় কোর্সে অভিনীত বিদ্যানন্দ কৌশিকের সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২৪ সালের ১২ নভেম্বর তারা বিয়ে করেন।
তবে বিয়ের পর থেকেই সংসারে অশান্তি শুরু হয় বলে অভিযোগ করেন অদিতি। তার দাবি, স্বামী সংসারের খরচ বহন না করে উল্টো তার কাছেই টাকা চাইতেন।
অভিনেত্রী আরও অভিযোগ করেন, ২০২৫ সালের ১ জানুয়ারি তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পাশাপাশি স্বামী তার ওপর পরকীয়ার সন্দেহ করে নিয়মিত মোবাইল ফোন তল্লাশি করতেন এবং পরে আলাদা ঘুমাতে শুরু করেন।
আরও পড়ুন
ক্যানসারে মারা গেলেন আমির খানের ‘গজনি’র সেই ভয়ংকর ভিলেন
এছাড়া শাশুড়ি ও ননদ পারিবারিক বিরোধ মেটানোর পরিবর্তে তাকে অপমান ও মানসিকভাবে হেনস্তা করতেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন অদিতি।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তদের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলআইএ








