কিশোরগঞ্জের ভৈরবে সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম আক্কাছের জানাজা শেষে কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে নবী হোসেন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের পঞ্চবটী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নবী হোসেন পঞ্চবটী এলাকার মৃত ফালু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস।

পুলিশ জানায়, গত সোমবার সাবেক মেয়র ফখরুল আলম আক্কাছের জানাজা শেষে কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে নবী হোসেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ ঘটনাকে উসকানিমূলক কর্মকাণ্ড হিসাবে বিবেচনা করে পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ পরিদর্শক লিমন বোস বলেন,

নবী হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায়ও অভিযুক্ত। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের পর এমন রাজনৈতিক স্লোগান

দেওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উসকানিমূলক বলে বিবেচিত হয়েছে। তিনি জানান, নবী হোসেনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।