যাদের ত্বক সংবেদনশীল (সেনসিটিভ), তাদের ময়েশ্চারাইজার ব্যবহারে বাড়তি সতর্কতা প্রয়োজন। কারণ সব ধরনের ময়েশ্চারাইজার তাদের ত্বকের জন্য উপযোগী নয়। অনেক সময় কৃত্রিম সুগন্ধি, প্যারাবেন, অ্যালকোহল বা অন্যান্য প্রিজারভেটিভযুক্ত প্রসাধনী ব্যবহার করলে ত্বকে চুলকানি, ব্রণ, র্যাশ, লালচে ভাব কিংবা জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
এমন পরিস্থিতিতে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরেই তৈরি করা ময়েশ্চারাইজার তৈরি করতে পারেন। এতে অপ্রয়োজনীয় রাসায়নিক উপাদান এড়িয়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখা সম্ভব।
তবে প্রাকৃতিক উপাদান হলেও সবার ত্বকে তা সমানভাবে মানিয়ে নাও নিতে পারে। তাই নতুন কোনো ঘরোয়া ময়েশ্চারাইজার মুখে ব্যবহারের আগে হাতে বা কানের পেছনের ত্বকে প্যাচ টেস্ট করে নেওয়াই সবচেয়ে নিরাপদ। এতে সম্ভাব্য অ্যালার্জি বা বিরূপ প্রতিক্রিয়া আগেই বুঝে নেওয়া সম্ভব।
অ্যালোভেরা ও ভিটামিন-ই ময়েশ্চারাইজার
অ্যালোভেরা ত্বককে প্রাকৃতিকভাবে আর্দ্র রাখতে সাহায্য করে এবং শুষ্কতা কমাতে ভূমিকা রাখে। অন্যদিকে ভিটামিন-ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে কোমল ও মসৃণ রাখতে সহায়ক। আর আমন্ড অয়েল ত্বকের পুষ্টি জোগাতে সাহায্য করে।
একটি পরিষ্কার পাত্রে ৪ টেবিল চামচ খাঁটি অ্যালোভেরা জেলের সঙ্গে ২টি ভিটামিন-ই ক্যাপসুলের তেল এবং ১ চা চামচ আমন্ড অয়েল নিন। সব উপকরণ ভালোভাবে ফেটিয়ে ক্রিমের মতো মসৃণ করে নিন। রাতে মুখ পরিষ্কার করে মুখ, গলা ও হাতে হালকা ম্যাসাজ করে ব্যবহার করুন।
গ্লিসারিন ও মধুর ময়েশ্চারাইজার
গ্লিসারিন ও মধু দুটিই প্রাকৃতিক হিউমেকট্যান্ট, অর্থাৎ এগুলো বাতাস থেকে আর্দ্রতা টেনে এনে ত্বককে নরম রাখতে সাহায্য করে। ৩ চা চামচ গ্লিসারিন,২ চা চামচ মধু, ২ চা চামচ ঠান্ডা গ্রিন টি এবং ১ চা চামচ লেবুর রস একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি একটি পরিষ্কার কাচের বোতলে সংরক্ষণ করুন। মুখ ধোয়ার পর অল্প পরিমাণ নিয়ে হালকা করে ত্বকে ব্যবহার করুন।
শিয়া বাটার ও ল্যাভেন্ডার ক্রিম
যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাদের জন্য শিয়া বাটার বেশ জনপ্রিয় একটি উপাদান। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
২ টেবিল চামচ শিয়া বাটার এবং ১ টেবিল চামচ নারিকেল তেল হালকা গরম করে গলিয়ে নিন। ঠান্ডা হলে এতে ৩ থেকে ৪ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি কিছুক্ষণ ফ্রিজে রেখে সামান্য জমে এলে চামচ বা হুইস্ক দিয়ে ফেটিয়ে ক্রিমের মতো করে নিন। রাতে ঘুমানোর আগে শুষ্ক জায়গায় অল্প পরিমাণে ব্যবহার করুন। তবে এসেনশিয়াল অয়েল সরাসরি ত্বকে ব্যবহার না করে সবসময় বাহক তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন।
আরও পড়ুন
উজ্জ্বল ত্বক পেতে যেসব ক্লে ব্যবহার করবেন
ব্যবহার করার আগে যা মনে রাখবেন
ঘরে তৈরি ময়েশ্চারাইজারে কোনো রাসায়নিক প্রিজারভেটিভ থাকে না। তাই এগুলো অল্প পরিমাণে তৈরি করে পরিষ্কার, বায়ুরোধী কাচের পাত্রে সংরক্ষণ করুন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার শেষ করুন।
আরও পড়ুন
শ্যাম্পু ছাড়াই তেলতেলে চুল ঝরঝরে রাখার সহজ উপায়
যদি ত্বকে জ্বালাপোড়া, অতিরিক্ত লালচে ভাব, র্যাশ বা অ্যালার্জির লক্ষণ দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন এবং প্রয়োজন হলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সূত্র: ফেমিনা, মিড ডে, বি বিউটিফুল
এসএকেওয়াই








