একসময় মনে হচ্ছিল হেসেখেলে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নেবে সেনেগাল। কিন্তু বেলজিয়ামের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকেও পরপর তিন গোল হজম করে বিশ্বকাপ থেকে ছিটকে গেল সেনেগাল। এই ব্যর্থতায় প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে আফ্রিকার দলের ট্যাকটিক্স। এর মাঝেই বিতর্ক বাড়ালেন সেনেগালের তারকা ফুটবলার পাপে গুয়েই। দলের কোচিং স্টাফদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করলেন তিনি।

ম্যাচের কয়েক ঘণ্টা পর ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানান পাপে গুয়ে। তিনি লেখেন, ‘বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে পরে বিস্তারিত জানাব। তবে আজই জানিয়ে রাখছি, বর্তমান কোচিং স্টাফরা যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।’ কেন এই সিদ্ধান্ত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ২৬ বছর বয়সি এই মিডফিল্ডার। তার এ ঘোষণার পর সেনেগালের জাতীয় দলে ফাটল নিয়ে বাড়ছে চর্চা। পাশাপাশি বর্তমান কোচিং স্টাফ এবং পাপে গুয়েইর ভবিষ্যৎ নিয়েও জল্পনা শুরু হয়েছে।

এই হার সেনেগালের জন্য কাটা ঘায়ে নুনের ছিটার মতো। এ বছর আফ্রিকা কাপ অব নেশন্স চ্যাম্পিয়ন হলেও সেই তকমা কেড়ে নেওয়া হয় তাদের কাছ থেকে। তাই ফাইনালে হেরেও এখন বিজয়ীর শিরোপা মরক্কোর কাছে। বিশ্বকাপ থেকেও এক বিতর্কিত পেনালটির কারণে বিদায় নিতে হলো আফ্রিকার দেশটিকে। সেনেগালের ফুটবল ইতিহাসে আরও একটা তিক্ত অধ্যায় হয়ে রইল এটি।