শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মেঘালয় সীমান্তের গোমরা গ্রাম দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ঝিনাইগাতী উপজেলার মেঘালয় সীমান্তের গোমরা গ্রামে বন্যহাতির আগমনের খবর পেয়ে গ্রামবাসী সীমান্তে অবস্থান নেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুইজন নারী, একটি শিশু ও একজন পুরুষসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে টহলরত হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশিদের সহায়তায় তাদের শূন্যরেখার ওপার থেকেই ফিরিয়ে দেন। ওই চারজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় অপর একটি সূত্র জানায়, ভারতের ওপারে সীমান্ত এলাকায় বিএসএফ শতাধিক নারী-পুরুষকে এনে জড়ো করেছে। সেজন্য সীমান্তবাসী সতর্ক রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় বিজিবি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে ময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সীমান্তে বিএসএফের যে কোনো অপতৎপরতায় সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।








