শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল। স্বাধীনতার ৫৬ বছর পর উন্নয়নের ছোঁয়া পেল ওই এলাকার মানুষ। বৃহস্পতিবার সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের নাজমুলের বাড়ি থেকে দুলাল হোসেন দলুর বাড়ি পর্যন্ত ১৩২ ফিট রাস্তার ইটের সলিং, ড্রেন ও প্রস্লাইটসহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল থেকে এক লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ওই নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে। শাহবন্দেগী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসাবে ওই কাজের উদ্বোধন করেন। দীর্ঘ প্রতীক্ষিত ওই রাস্তাটি পেয়ে স্থানীয়দের মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে। আবুল কালাম আজাদ বলেন, এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ওই রাস্তাটি। স্বাধীনতার পর থেকে তারা অবহেলিত ছিল। এই উন্নয়নের মাধ্যমে তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং পর্যায়ক্রমে ইউনিয়নের বাকি অবহেলিত এলাকাগুলোতেও উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, জাহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা আক্তার, সমাজসেবক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, এনসিপি নেতা নাজমুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।








