শেরপুরের খানপুর ইউনিয়নের শালফা গ্রামে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে ছুরিকাঘাত করেছে একই এলাকার রাব্বি হাসান। রোববার সকালে শালফা গজারিয়া রোড ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ হোসাইন সকালে আর্জেন্টিনার খেলা দেখে বাড়ি ফিরছিলেন। এসময় পূর্বে থেকে ওতপেতে থাকা একই গ্রামের রাব্বি তাকে এলোপাতাড়ি ছুরি দিয়ে পিঠ, বুক ও হাতে আঘাত করতে থাকে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তাদেরকেও ছুরি দিয়ে আঘাত ও কিল ঘুসি মারে। পরে অন্যরা এগিয়ে এসে আক্রমণকারী রাব্বিকে স্থানীয় বিএনপির অফিসে আটক করে রাখে। পরে পুলিশের হাতে সোপর্দ করে। গুরুতর আহত যুবদল নেতা এরশাদ হোসাইনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অভিযুক্ত রাব্বি বলেন, এরশাদের সঙ্গে আমার পূর্বের একটা ঝামেলার জন্য তাকে মেরেছি। এসআই আমিরুল ইসলাম বলেন, ইউনিয়ন যুবদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত রাব্বিকে স্থানীয় জনতা আটক করে রেখেছিল। পরে আমরা তাকে থানা হেফাজতে নিয়ে নিয়েছি।