বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বগুড়া সেনানিবাসে সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ।
প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এ ছাড়া ব্যক্তিগত নৈপুণ্যের জন্য ১১ পদাতিক ডিভিশনের ইউপি ল্যান্স কর্পোরাল মো. মনিরুল ইসলাম শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সৈনিক রোহান মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন।
গত ১ আগস্ট শুরু হওয়া এ কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে সেনাসদর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড় এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
টিটি/এমএএইচ/








