মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস এই ম্যাচের পর সামাজিক মাধ্যমে মজার এক পোস্ট দিয়ে সমর্থকদের মন জয় করেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো 'ডিবু' মার্টিনেজ।

তিনি একটি রক্তচাপ মাপার যন্ত্রের ছবি পোস্ট করে লিখেছেন, ‘শেষে সবারই এমন অবস্থা হয়েছে, তাই না? এটাই আর্জেন্টিনা!’

এই পোস্টের মাধ্যমে ডিবু বোঝাতে চেয়েছেন, আর্জেন্টিনার ম্যাচগুলো এতটাই উত্তেজনাপূর্ণ যে সমর্থকদের রক্তচাপ বেড়ে যাওয়াই স্বাভাবিক।

২০২২ বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার অন্যতম নায়ক ছিলেন ডিবু মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে তার দুর্দান্ত পারফরম্যান্স এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে কোলো মুয়ানির নিশ্চিত গোলের সুযোগ রুখে দেওয়া ও টাইব্রেকারে পেনাল্টি ঠেকানো আজও স্মরণীয়।

তবে মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তিনি দুটি গোল হজম করেন এবং শুরুতেই কঠিন চাপে পড়ে যায় আর্জেন্টিনা। এরপর দলের হাল ধরেন লিওনেল মেসি।

প্রথমে ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে সহায়তা করেন মেসি, এরপর নিজেই সমতা ফেরান। শেষ পর্যন্ত যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা এবং জায়গা করে নেয় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

আরআর/এমএমআর