সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত একটি কাভার্ড ভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ পুলিশ। এ ঘটনায় জড়িত ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মাসুম বিল্লাহ ও সঙ্গীয় ফোর্স সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার বিভিন্ন স্থানে অভিযান চালনা করে তাদের গ্রেফতার ও ডাকাতির মালামাল উদ্ধার করেন। মঙ্গলবার বিকালে পুলিশ এ তথ্য জানায়। গ্রেফতার করা ডাকাতরা হলো-আব্দুর রহিম, ফারুক ওরফে বাবু, রফিকুল ইসলাম, আব্দুল গাফফার এবং আব্দুর রহমান। পুলিশ জানায়, অভিযানে লুণ্ঠিত একটি কাভার্ড ভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে।








