শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা দাবি করেছে, আন্দোলনের সময় সরকার পতনের স্লোগান দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা বহিরাগত।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে তারা জানান, আগামীতে পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কাউকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হবে না। তাদের দাবি, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই বহিরাগতরা সরকার পতনের স্লোগান দিয়েছে এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে।

ধানমন্ডির আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রায়ান সাংবাদিকদের বলে, বৃষ্টি ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দিনের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষামন্ত্রী পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও একটি পুরো এইচএসসি ব্যাচের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলেছেন। তবে তারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছেন না; বরং তাদের ন্যায্য দাবি আদায়ে সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা আরও দাবি করে, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের একটি ফেসবুক পেজের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলে, তারা রাজনীতি করতে আসেনি; শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের জন্যই আন্দোলন করছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—এমসিকিউ ও সিকিউ পরীক্ষার নম্বর যোগ করে পাস নম্বর নির্ধারণ, বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ নিশ্চিত করা।