ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আবু সাঈদের এ সমাধিস্থ থেকে প্রতিজ্ঞা করছি, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সঙ্গে ছাত্রদল কখনো বেইমানি করবে না। তাদের রক্তের বদলা নেওয়ার জন্য আমরা জাগ্রত থাকবো। খুনি হাসিনা এবং তার দোসর ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমরা রাজপথে থাকবো।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে শায়িত আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাকিব বলেন, আবু সাঈদ কেবল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বীর নয়, আবু সাঈদের স্বৈরাচার-ফ্যাসিবাদী আন্দোলনের মানসিকতা অনেক আগে থেকেই ছিল। যতদিন বাংলাদেশ থেকে থাকবে ততদিন তার এ অবদানকে আমরা স্মরণে রাখবো।

এর আগে, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ছাত্রদল সভাপতি।

কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের বাবা, মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে খোঁজ খবর নেন। তিনি আবু সাঈদের পরিবারের বিভিন্ন দাবির কথা শুনেন এবং তা সরকারের শীর্ষ পর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন।

এ সময় রংপুর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নেওয়াজ জোহাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, পরে বিকেলে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাকিব।

জিতু কবীর/কেএইচকে/জেআইএম