ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, অপকর্মের দিক থেকে বিএনপি বর্তমানে আওয়ামী লীগের ‘রিপ্লেসমেন্টে’ পরিণত হয়েছে। গত কয়েক মাসে দলীয় কোন্দলে শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। পাশাপাশি চাঁদাবাজি, সহিংসতা ও অভ্যন্তরীণ সংঘাতে সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়ায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশে শুধু ক্ষমতার পালাবদল হয়েছে। কিন্তু জনগণ যে শোষণ-শাসনমুক্ত পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তা বাস্তবায়িত হয়নি। গত তিন-চার মাসে দলীয় কোন্দলে শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। অনেকেই চাঁদাবাজি ও সহিংসতার কারণে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে, এমনকি হত্যার ঘটনাও ঘটছে। অতীতেও এ ধরনের ঘটনার পর দায় এড়াতে দল থেকে বহিষ্কারের নাটক দেখা গেছে। এতে মূলত অপরাধীদেরই প্রশ্রয় দেওয়া হয় বলে জনগণ মনে করে।

সাইফুল্লাহ বারী হত্যাসহ দেশে সংঘটিত সব রাজনৈতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন ছাত্রশিবির সভাপতি।

এর আগে হেলিকপটারযোগে সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান নুরুল ইসলাম সাদ্দাম। পরে তিনি বোনারপাড়া সরকারি কবরস্থানে গিয়ে নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে তিনি সাইফুল্লাহ বারীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া হামলায় আহত জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করে তাদের আর্থিক সহায়তা দেন।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মেডিক্যাল বিভাগের সভাপতি ডা. এস এম খালেদুজ্জামান, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ সরকার, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আল কারযাভী, সেক্রেটারি মো. ফাহিম মণ্ডলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় বহিষ্কৃত যুবদল নেতা মুকুলের ছুরিকাঘাতে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হন। ওই ঘটনায় আহত জামায়াত কর্মী সালাউদ্দিন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

আনোয়ার আল শামীম/কেএইচকে/জেআইএম