ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই গ্রামের কৃষক শমশের আলীর মেয়ে শরীফা খাতুন (৭) ও ছেলে মাহমুদুল হাসান (৫)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে মাহমুদুল ও শরীফা বাড়ির পাশে বাবার বেগুন ক্ষেত দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে অসাবধানতাবশত মাহমুদুল পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে ডুবে যায় শরীফা।
আশেপাশে থাকা অন্য শিশুরা ঘটনাটি দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করে এবং পরিবারকে খবর দেয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে পুকুরে তল্লাশি চালিয়ে দুই ভাই-বোনের নিথর দেহ উদ্ধার করে।
নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।








