প্রথম মানব হজরত আদম (আ.) থেকে শুরু করে সর্বশেষ নবী হজরত মুহাম্মাদ (সা.) পর্যন্ত সব নবীই ছিলেন জ্ঞান, শিক্ষা ও প্রজ্ঞার বাহক। মহানবী ছিলেন সেই নবুওয়াতি ধারার পূর্ণতা। তাঁর কার্যকর শিক্ষানীতি ও বাস্তবমুখী দিকনির্দেশনার মাধ্যমে আরবের অশিক্ষিত ও বিভক্ত জাতিকে তিনি জ্ঞান, সভ্যতা ও নেতৃত্বের শিখরে উন্নীত করেন। মহান আল্লাহ বলেন ‘তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে আল্লাহর আয়াত তিলাওয়াত করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমাহ শিক্ষা দেন।’ (সূরা আল-জুমুআ : ২)।
রাসূলুল্লাহ (সা.) নিজেও বলেছেন, ‘আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি।’ (সুনানে ইবনে মাজাহ : ২২৯)।
ওহির সূচনাই শিক্ষার সূচনা
হেরা গুহায় প্রথম ওহি নাজিলের মাধ্যমে ইসলামে শিক্ষার আনুষ্ঠানিক সূচনা হয়। প্রথম শব্দই ছিল-‘ইকরা’ (পড়)। এ থেকেই বোঝা যায়, ইসলামের ভিত্তি জ্ঞান ও শিক্ষার ওপর প্রতিষ্ঠিত।
পরিবার থেকে শিক্ষার যাত্রা
ওহি লাভের পর প্রথম রাসূলুল্লাহ (সা.) তাঁর স্ত্রী খাদিজা (রা.)কে শিক্ষা দেন। তিনি প্রথম ইসলাম গ্রহণকারী হন। এভাবে পরিবার থেকেই ইসলামি শিক্ষার যাত্রা শুরু হয়।
গৃহকে শিক্ষালয়ে রূপদান
নবুওয়াতের শুরুতে রাসূলুল্লাহ (সা.) নিজ গৃহকে শিক্ষাকেন্দ্রে পরিণত করেন। পরে আয়েশা (রা.), হাফসা (রা.) ও উম্মে সালমা (রা.) নারীদের শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দারুল আরকাম : প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র
মক্কার দারুল আরকাম ছিল ইসলামের প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র। এখানে সাহাবায়ে কেরাম গোপনে কুরআন, আকিদা ও ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ করতেন।
প্রকাশ্য শিক্ষাদান ও দাওয়াত
রাসূলুল্লাহ (সা.) আত্মীয়স্বজন, কুরাইশ সম্প্রদায় ও সাধারণ মানুষের মাঝে প্রকাশ্যে তাওহিদের শিক্ষা প্রচার করেন। সাফা পাহাড়ে দাঁড়িয়ে তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান জানান।
সফর, মেলা ও হজের ময়দানে শিক্ষাদান
তিনি শুধু মক্কা বা মদিনায় সীমাবদ্ধ থাকেননি; বরং তায়েফ সফর করেছেন, উকায মেলায় অংশগ্রহণকারীদের শিক্ষা দিয়েছেন এবং হজের মৌসুমে বিভিন্ন গোত্রের মানুষকে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন।
শিক্ষকের নিয়োগ ও শিক্ষার বিস্তার
যেসব গোত্র ইসলাম গ্রহণ করত, তাদের মাঝে শিক্ষা বিস্তারের জন্য রাসূলুল্লাহ (সা.) যোগ্য সাহাবিদের শিক্ষক হিসাবে পাঠাতেন। বিশেষভাবে মুসআব ইবনে উমাইর (রা.)কে মদিনায় শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়, যা ইসলামি শিক্ষাবিস্তারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
মসজিদে নববী : শিক্ষার মহাকেন্দ্র
হিজরতের পর মসজিদে নববী ইসলামি শিক্ষার প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এর প্রাঙ্গণে প্রতিষ্ঠিত ‘সুফফা’ ছিল এক অনন্য আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে বহু সাহাবি শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদানে নিয়োজিত ছিলেন।
রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষাব্যবস্থা ছিল সর্বজনীন, বাস্তবমুখী ও জীবনঘনিষ্ঠ। পরিবার, সমাজ, মসজিদ, সফর-সবকিছুকেই তিনি শিক্ষার মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন। তাঁর শিক্ষানীতি প্রমাণ করে, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের জন্য নয়; বরং মানুষকে আলোকিত, পরিশুদ্ধ ও মানবকল্যাণে নিবেদিত করার জন্য।








