কক্সবাজারে শিক্ষার্থীর ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টাকালে এক তরুণকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টিম। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তরুণের ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে মহাসড়কের রামুর জোয়ারিয়ানালার রাবার বাগান এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল।
আটক রফিকুল ইসলাম (২৪) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পশ্চিম মহেশখালীয়া পাড়ার বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তার কাছ থেকে চট্টগ্রামের পাহাড়তলী কলেজের একটি পরিচয় পত্র উদ্ধার হয়েছে।
আরও পড়ুন
মুড়ি পরিবহনের আড়ালে গাঁজা ও ইয়াবা পাচারের চেষ্টা, হাতেনাতে ধরা যুবক
সোমেন মন্ডল বলেন, যাত্রীবাহী বাসে মাদক পাচারের খবর পেয়ে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় বাসটির ২ নম্বর আসনে বসা যাত্রী রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার সঙ্গে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক জাহিদুল ইসলাম বাদী হয়ে রামু থানায় মামলা করে ওই আসামিকে হস্তান্তর করা হয়েছে।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ডিএনসির মামলায় হস্তান্তর করা রফিককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এসজেডএইচ/জেআইএম








