জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কারের দাবিতে এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়িত্ব পালনকারী ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে তারা সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পৃথক পৃথক পদত্যাগপত্র জমা দেন।

জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এ তথ্য জানান।

আব্দুল খালেক বলেন, বর্তমান সরকার সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে অনীহা দেখানোর পাশাপাশি বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিল করেছে। এ সব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট আইন কর্মকর্তারা স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল পিপি) মো. আলীম উদ্দীন এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) মোহাম্মদ নাজমুল হুদা।

এছাড়া সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) পদ থেকে পদত্যাগ করেছেন মো. রবিউল ইসলাম, জুনেদ আহমদ, মোজাম্মিল আলী, রহমত আলী, ইয়াসিন খান, মোহাম্মদ নাজমুল ইসলাম, সালেহ আহমদ, আমিনুল ইসলাম চৌধুরী, কাজী আতিফুল হক, সাদেক আহমদ, মোহাম্মদ ময়নুল ইসলাম, আব্দুল গফ্ফার, আফজল মিয়া তালুকদার, খায়রুল আলম এবং মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল সিলেট জানিয়েছে, ১৭ জন আইন কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগপত্র দাখিল করেছেন।

পদত্যাগপত্রে আইন কর্মকর্তারা উল্লেখ করেন, তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে বর্তমান সরকারের সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে অনীহা এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদে তারা স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আবেদনপত্রে তারা আরও উল্লেখ করেন, সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও ভবিষ্যতেও দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি একজন আইনজীবী হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবেন।