সিলেট বিভাগে হামের সংক্রমণ কমে এলেও মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ জনে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য বিভাগের বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজনের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে, অপরজনের বাড়ি সিলেটের জৈন্তাপুরে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে ৫১ জন নতুন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

সিলেটে শতক ছুঁলো প্রাণহানি, হাম শনাক্তের ফল নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় মোট ৫৪৫ জন হাম ও রুবেলা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জে ৫৬ জন, মৌলভীবাজারে ২২ জন, সুনামগঞ্জে ২৮৭ জন এবং সিলেটে ১৮০ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত ছিলেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৭৩ জন হামের উপসর্গে চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৫ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন ভর্তি আছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন এবং অন্যান্য হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

জেলাভিত্তিক মৃত্যুর হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সুনামগঞ্জে। সেখানে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেটে ৩৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ১০ জন রয়েছেন।

আহমেদ জামিল/এসআর/জেআইএম