১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে গাইবেন রুনা লায়লা। শিল্পীর একক গানের এই অনুষ্ঠানের খবর শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ ও শিল্পীর পক্ষ থেকে নিশ্চিত হয়েছে প্রথম আলো।

রুনা লায়লা

পারিবারিক কাজে মাসখানেকের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন রুনা লায়লা। ফিরেই শিল্পকলা একাডেমির একক গানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

আশা ভোসলে নেই, শুনেই কেঁদে ফেললেন রুনা লায়লা

জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লা তাঁর গাওয়া জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় প্রায় ১০টি গান গাইবেন। ছয় দশকের সংগীতজীবনে বিভিন্ন সময় গাওয়া আলোচিত গানগুলো থাকবে।

সংগীত পরিবেশন করছেন রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত বছর থেকে দেশবরেণ্য শিল্পীদের নিয়ে ধারাবাহিক একক গানের অনুষ্ঠান করছে। এর আগে সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় এবার গাইবেন রুনা লায়লা।

গিনেস বুকে রুনা লায়লা ও তাঁর জীবনের নানান বাঁক
রুনা লায়লা

অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।’

মাসের শেষ দিকে রুনা লায়লার অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে। সেখানে একাধিক অনুষ্ঠানে গাইবেন।