প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা ও পাথর কোয়ারি জাফলং পর্যন্ত রেললাইন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ মাসের মধ্যেই রেলওয়ের প্রকৌশলীরা এ লাইনের সম্ভাব্যতা যাচাই করবেন এবং পরবর্তীতে ফিজিবিলিটি স্টাডি করা হবে। বুধবার সন্ধ্যায় সিলেট জেলা প্রেস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সিলেট থেকে গোয়াইনঘাটের জাফলং পর্যন্ত ওয়াগন বা ট্রেনের পণ্যবাহী কোচ চালু করা গেলে অত্যন্ত সহজে ও কম খরচে পাথরসহ বিভিন্ন পণ্য আনা-নেওয়া করা সম্ভব হবে। এর পাশাপাশি পর্যটকসহ সাধারণ যাত্রীরাও অনেক সহজে ও নিরাপদে যাতায়াত করতে পারবেন। গোয়াইনঘাট পর্যন্ত রেলযোগাযোগ চালুর বিষয়ে ইতিমধ্যে রেলওয়ে সচিব ও ডিজির সঙ্গে কথা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অগ্রগতির বিষয়ে মন্ত্রী জানান, ভূমি অধিগ্রহণ জটিলতা ও সার্ভেয়ার সংকটের কারণে এই সড়কের কাজ কিছুটা আটকে ছিল। সম্প্রতি ভূমিমন্ত্রীর সঙ্গে কথা বলে সিলেটে ছয়জন অতিরিক্ত সার্ভেয়ার নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। ফলে দ্রুতই ভূমি অধিগ্রহণ শেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ পুরোদমে শুরু করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ ও তাপস দাশ পুরকায়স্থ, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির এবং সিনিয়র সদস্য লিয়াকত শাহ ফরিদী।