পশ্চিমবঙ্গের মালদহ জেলায় সহকর্মীর গুলিতে নিহত হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্য। বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলার বৈষ্ণব নগরের বিএসএফ ক্যাম্পে এই ঘটনা ঘটে। একে আহত হয়েছেন আরও এক বিএসএফ সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বিএসএফের দুই সদস্য হলেন ৭১ নম্বর ব্যাটালিয়নের অজয় কুমার সিংহ (৫১)। তার বাড়ি বিহারের ছাপরা জেলায় মানঝি এলাকায়। অন্যজন আম্বদর সুরেশ দরগু (৩৭)। তার বাড়ি মহারাষ্ট্রের গড়চিরোলি। আহত জওয়ানের নাম বিকাশ ব্রহ্ম (৪৪)। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার মহন্দা গ্ৰামের বাসিন্দা।

অভিযুক্ত বিএসএফের সদস্যকে এরই মধ্যে আটক করা হয়েছে। তবে তিনি ঠিক কী কারণে গুলি চালিয়েছিলেন, তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বিএসএফ।

প্রাথমিক ভাবে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) বৈষ্ণব নগর থানার ১৭ মাইলে অবস্থিত বিএসএফ ক্যাম্পে ১১৯ নম্বর ব্যাটালিয়নের এক জওয়ান হঠাৎ করে ৭১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। অতর্কিত গুলি বর্ষণে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনজন জওয়ান।

ঘটনার সঙ্গে সঙ্গেই আহত জওয়ানদের উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মধ্য থেকে দুজনকে নিহত ঘোষণা করেন।

এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিএসএফের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান ও পুরো পরিস্থিতির ওপর নজরদারি শুরু করে। 

 

ডিডি/এসএএইচ