দীর্ঘ ৯ মাস পর ফের মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিকট শব্দে টেকনাফ সীমান্তের গ্রামবাসীরা আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন। বৃহস্পতিবার দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। এর আগে বুধবার রাতে হামলা ও বিস্ফোরণে মিয়ানমারে তিন শিশু নিহত হয়েছে বলে রোাহিঙ্গাদের সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, গতকাল মিয়ানমারের ক্ষমতাসীন সেনাবাহিনী বিমান থেকে মংডু শহর ও ভুষিডং এলাকায় বোমা নিক্ষেপ করেছে। টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকা আরকানের এলাকা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে জান্তা বাহিনী। দুপক্ষ যুদ্ধে জড়িয়ে পড়ায় মর্টারশেলের বিস্ফোরণ ঘটতে থাকে। এতে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হ্নীলার স্থানীয় বাসিন্দা শাহ আলম জানান, হঠাৎ ৩-৪ মিনিট পরপর ব্যাপক বিস্ফোরণের আওয়াজ শুনে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী জানান, সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ড সতর্ক অবস্থানে রয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভুঁইয়া মিয়ানমারের অভ্যন্তরে বিকট বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।








