সিন্ধু নদের পানিবণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। নিজেদের ‘ন্যায্য হিস্যা’ আদায়ে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এর আগে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, চুক্তির বিষয়ে প্রয়োজন হলে ভারতের সঙ্গে যুদ্ধের পথেও যেতে প্রস্তুত ইসলামাবাদ। পাকিস্তানের বেসামরিক সরকারের পর এবার দেশটির সামরিক বাহিনীও সম্ভাব্য সব ধরনের পদক্ষেপের কথা বলল। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর জানায়। মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী জানায়-সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৭৬তম কোর কমান্ডারস সম্মেলনে সিন্ধু পানি চুক্তির আওতায় পাকিস্তানের প্রাপ্য পানির অধিকার রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করা হয়েছে। সরকারি নির্দেশনা ও জনগণের আকাক্সক্ষা অনুযায়ী পাকিস্তানের পানির ন্যায্য অধিকার রক্ষায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

এই বৈঠকে গত বছরের ২৪ এপ্রিল গৃহীত পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির (এনএসসি) বিশেষ নির্দেশনার আলোকে কৌশলগত প্রস্তুতিও পর্যালোচনা করা হয়। পাকিস্তানের এনএসসি তাদের নীতিমালায় ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ বা ভিন্ন খাতে প্রবাহিত করার যে কোনো চেষ্টাকে সরাসরি ‘যুদ্ধের শামিল’ হিসাবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে। ওই উচ্চপর্যায়ের ফোরামে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিবেশ এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতির ওপর সন্তোষ প্রকাশ করা হয়। গত বছর পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। তারা ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়।