সিরিয়ায় দুটি বাসের সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছেন। শনিবার দেইর আজ জোর-দামেস্ক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন। 

দেইর আজ জোর-দামেস্ক সড়কটি ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, যা পূর্ব সিরিয়াকে রাজধানীর সাথে সংযুক্ত করেছে। দুর্ঘটনাটি আল-সুখনা এবং পালমিরার মধ্যে ঘটে।

অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বাস দুটির মধ্যে একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং অন্যটিতে বেসামরিক নাগরিকরা ছিলেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

রাষ্ট্রীয় সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) এর তথ্যমতে, আহতদের চিকিৎসার জন্য হোমস মিলিটারি হাসপাতালে নিয়ে যেতে দুর্ঘটনাস্থলে বেশ কয়েকটি হেলিকপ্টারও পাঠানো হয়েছে।

প্রায় ১৪ বছর গৃহযুদ্ধের পর সিরিয়ার বেসামরিক অবকাঠামো শোচনীয় পর্যায়ে রয়েছে। অক্টোবরে, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি প্রতিক্রিয়া মন্ত্রী রায়েদ আল-সালেহ বলেছিলেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এই ধরনের দুর্ঘটনাগুলো ‘সিরিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ।’