ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই রাজধানী দামেস্কে অন্তত দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বিস্ফোরণ পর্যটন মন্ত্রণালয়ের কাছে এবং আরেকটি ম্যাক্রোঁর থাকার জন্য নির্ধারিত হোটেলের কাছাকাছি এলাকায় ঘটে। মঙ্গলবারের এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আলজাজিরা, বিবিসি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং যাচাই করা একটি ভিডিওতে ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। এছাড়া একটি গাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে। বিস্ফোরণগুলো জনবহুল এলাকায় ঘটেছে বলে জানিয়েছেন একজন নিরাপত্তা কর্মকর্তা। তিনি ঘটনাটিকে ‘অপরাধমূলক হামলা’ বলে উল্লেখ করেন। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বিস্ফোরণের সময় ম্যাক্রোঁ বৈঠকে যাওয়ার পথে ছিলেন এবং তিনি বিস্ফোরণের শব্দও শোনেননি। তার সফর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলেছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে বর্তমানে দামেস্কে অবস্থান করছেন ম্যাক্রোঁ। বর্তমানে প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।