ইউরোপজুড়ে চলছে তীব্র ও নজিরবিহীন তাপপ্রবাহ। একের পর এক ভাঙছে ইতিহাসের সব রেকর্ড। পশ্চিম ইউরোপে কয়েক ডজন মানুষের প্রাণহানির পর এই দাবদাহ এখন পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির হিসাব অনুযায়ী, গতকাল রোববার ইউরোপের অন্তত ১৯ কোটি ১০ লাখ মানুষকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি তাপমাত্রার মধ্যে দিন কাটিয়েছে। বিশেষ করে জার্মানি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি এবং পোল্যান্ডে গরমের তীব্রতা সবচেয়ে বেশি ছিল। এএফপি, দ্য গার্ডিয়ান।
সপ্তাহজুড়ে জার্মানি ও ইতালির বাসিন্দারা চরম অস্বস্তিকর ও দমবন্ধ করা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। দুই দেশেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গেছে। একই দিন ডেনমার্কেও ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া ইনস্টিটিউট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ‘ওডেন্সের উত্তরাঞ্চলে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১৮৭৪ সালে তাপমাত্রা মাপার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এটিই ডেনমার্কের ইতিহাসের উষ্ণতম দিন।’ এদিকে স্লোভাকিয়া নিশ্চিত করেছে যে, গত শুক্রবারের রাতটি ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে উষ্ণ রাত। সে রাতে তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। চলতি জুন মাসে ব্রিটেন, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং জার্মানি রেকর্ড ভাঙা গরমের মুখোমুখি হয়েছে। এই আবহাওয়া পরিস্থিতি এখন পোল্যান্ডের দিকে অগ্রসর হচ্ছে, যা আরও নতুন নতুন রেকর্ড তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।








