‘মাদককে “না” বলো—মাদকাসক্তি একটি ব্যাধি’, ‘স্মার্ট তরুণেরা কখনো মাদক নেয় না’—এমন নানা সচেতনতামূলক স্লোগানে মাগুরায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে প্রথম আলো ট্রাস্টের দেশব্যাপী বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। মাগুরা বন্ধুসভার সহযোগিতায় ২৬ জুন বিকেলে শহরের নোমানী ময়দান শহীদ বেদি প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক কোনো ফ্যাশন বা সমাধান নয়, এটি কেবলই জীবনের ধ্বংস ও বড় পরাজয় ডেকে আনে। সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের সেই খোঁজ রাখতে হবে এবং সন্তানদের পর্যাপ্ত সময় দিতে হবে।

মাদকাসক্তির সঙ্গে মানসিক রোগের গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, প্রিয়জন কেউ মাদকাসক্ত হলে তা গোপন না করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা উচিত। কারণ, সচেতনতাই মুক্তি এবং মাদকমুক্ত সমাজই আসল শক্তি।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন স্থানীয় ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী, জাহিদুল ইসলাম কোটন, সংগঠক আরাফাত হোসেন, আল মামুন, প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কাজী আশিক রহমান প্রমুখ।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং তরুণ শিক্ষার্থীরা অংশ নেন।








