ফেনীর সোনাগাজীতে মাছবোঝাই একটি পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করলেও নষ্ট হয়ে গেছে প্রায় ২ লাখ টাকার মাছ। শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের কেঁচিদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চর খোন্দকার এলাকা থেকে মাছ নিয়ে পিকআপটি যাওয়ার সময় কেঁচিদিয়া এলাকায় একদল দুর্বৃত্ত চালককে জিম্মি করে গাড়িটি ছিনতাই করে। বিষয়টি জানতে পেরে খামার মালিক নুরুল আমিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা-পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে। একপর্যায়ে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে মাছবোঝাই পিকআপটি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।খামার মালিক নুরুল আমিন বলেন, ছিনতাইয়ের পর গাড়িটি উদ্ধার করা সম্ভব হলেও সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ড্রামের ভেতরে থাকা ২ দুই লাখ টাকার মাছ মারা গেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে জাহাঙ্গীর আলম, রানা ও ডালিমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাশিম বলেন, পিকআপ ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।/
রাজনীতি
সোনাগাজীতে মাছবোঝাই পিকআপ ছিনতাই, পুলিশের অভিযানে উদ্ধার

শেয়ার করুন







