সোনার গহনার পর রুপার গহনা কেনাবেচায় বিদ্যমান ৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ব্যবস্থা বাতিল করে ভরিপ্রতি নির্দিষ্ট ভ্যাট নির্ধারণ করে দিয়েছে সরকার। এতে সোনার মতো রুপার গহনার ভ্যাটের পরিমাণও কমেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোনা, প্লাটিনাম ও হীরার গহনার ওপর ভ্যাট ২ হাজার ৫০০ টাকা এবং রুপার গহনার ওপর ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই সংশোধনী এনে অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। আগে সোনা ও রুপার গহনার দামের ওপর ৫ শতাংশ ভ্যাট নির্ধারিত ছিল।
রুপার গহনার ভ্যাট কমানোর পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে অর্থ বিলে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ-সংক্রান্ত বিধান প্রত্যাহার।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয় ৷ এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। সে সময় প্রতি ভরি সোনার গহনায় ২ হাজার ৫০০ টাকা ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়। যা আগে ছিল সোনার গহনার বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ।
আরও পড়ুন
সোনার গহনার দাম কমলো ৩২৬৬ টাকা
সোনার গহনায় নির্ধারিত ভ্যাট আরোপ করার পর এক লাফে ভরিতে সোনার গহনার দাম ৯ হাজার টাকার ওপরে কমে যায়। গত ১৮ জুন দেশের বাজারে প্রথমবার ভ্যাটসহ সোনার গহনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ভালো মানের প্রতি ভরির সোনার গহনার দাম কমে ৯ হাজার ১৩ টাকা।
সোনার গহনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হলেও রুপার ক্ষেত্রে আগের নিয়ম অর্থাৎ বিক্রয় মূল্যের ওপর ৫ শতাংশ ভ্যাট বহাল রাখা হয়। ফলে বর্তমানে ভালো মানের এক ভরি রুপা কিনতে ভরিতে ২০০ টাকার ওপরে ভ্যাট দিতে হয়। এখন ১০০ টাকা ভ্যাট নির্ধারণ করায় সোনার মতো রুপার গহনার ওপরও ভ্যাটের পরিমাণ কমলো।
এদিকে, সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনার গহনা ও রুপার দাম নির্ধারণ করেছে বাজুস। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
ভ্যাটসহ সোনার গহনার দাম নির্ধারণ করা হলেও রুপার ক্ষেত্রে আগের নিয়মই রাখা হয়েছে। অর্থাৎ রুপার গহনা কিনতে নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাটের বিধান রাখা হয়েছে। তবে অর্থ বিলে সংশোধনি আসায় আগামীকাল থেকে রুপার গহনায় ৫ শতাংশের বদলে ভরিতে ১০০ টাকা ভ্যাট দিতে হবে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।
এমএএস/এমকেআর








