নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা একটি মাদক মামলায় মোরসালিন (২০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোরসালিন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার মাহবুবের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।আদালত পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ মার্চ সোনারগাঁ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর এলাকার একটি পরিত্যক্ত মাদ্রাসার কক্ষ থেকে মোরসালিনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ফেনসিডিল এবং ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়। ওই দিনই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামির উপস্থিতিতে আজ এই রায় দেন। তবে সাজা ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।